Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / ভালোবাসা-রহস্যে তৌসিফ-শ্রেয়ার ‘প্রাণভোমরা’

ভালোবাসা-রহস্যে তৌসিফ-শ্রেয়ার ‘প্রাণভোমরা’

2026-09-27  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  42 views
ভালোবাসা-রহস্যে তৌসিফ-শ্রেয়ার ‘প্রাণভোমরা’

প্রাচীন বাংলার বহুল পরিচিত রূপকথার ‘প্রাণভোমরা’ এবার উঠে আসছে আধুনিক সময়ের গল্পে। ভালোবাসা, আবেগ, সম্পর্ক ও মনস্তাত্ত্বিক রহস্যকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় আইস্ক্রিন অরিজিনাল হিসেবে নির্মিত হতে যাওয়া সিরিজটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও নতুন মুখ শ্রেয়সী শ্রেয়া। সাইকোলজিক্যাল ও মিথোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে শ্রেয়সীর।

বুধবার দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় ‘প্রাণভোমরা’র আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

valobasa-rhsze-tousif-sreyar-pranvomra-chief-tv-1.jfif

প্রাচীন রূপকথায় ‘প্রাণভোমরা’ বলতে এমন এক রহস্যময় ভোমরাকে বোঝানো হতো, যার মধ্যে কোনো চরিত্রের প্রাণ লুকিয়ে থাকে। সেই পরিচিত মিথকেই এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে পর্দায় তুলে ধরছেন ভিকি জাহেদ। তবে নির্মাতারা জানিয়েছেন, ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে শোনা গল্পের সঙ্গে সিরিজটির সরাসরি কোনো মিল নেই। বরং চিরচেনা সেই ধারণাকে আধুনিক ভালোবাসা, আবেগ, সম্পর্ক ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে গল্পটি।
‘প্রাণভোমরা’র গল্পে উঠে আসবে এমন কিছু প্রশ্ন, যার উত্তর খুঁজতে দর্শককে যেতে হবে রহস্যের গভীরে। মানুষের শরীর একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু তার অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে যায়? ভালোবাসার টানে কি অতীত ফিরে আসতে পারে? কোথায় লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা, কেন তাকে খুঁজে বের করতে হয় কিংবা কেন সেই ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজন পড়ে- এমন নানা প্রশ্নের উত্তর মিলবে গল্পের বাঁকে বাঁকে।

এর আগে আইস্ক্রিনের জন্য ‘চক্র’ ও ‘চক্র-২’ নির্মাণ করে আলোচনায় আসেন ভিকি জাহেদ। এবার পরিচিত সাসপেন্সের গণ্ডি পেরিয়ে মিথ ও রোমান্টিক আবহের সঙ্গে মনস্তাত্ত্বিক রহস্যকে যুক্ত করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রাণভোমরা’ নাম শুনলেই বোঝা যায়, এখানে প্রাণ ও হূদয়ের বিষয় আছে। চরিত্রগুলো ভালোবাসার কথা বলবে। আমরা দুনিয়াতে যেভাবে কথা বলতে চাই, চরিত্রগুলোও সেভাবেই কথা বলবে। আইস্ক্রিনের কনটেন্ট দর্শক পছন্দ করছে বলেই একটার পর একটা ভালো সিরিজের কাজ আসছে।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘যে গল্পগুলো অন্য প্রযোজকরা নির্মাণ করতে সাহস পেতেন না, সেগুলো চ্যানেল আই করেছে। এজন্য চ্যানেল আই ও আইস্ক্রিনের সঙ্গে আমার একাধিক কাজ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।’

নতুন মুখকে গুরুত্বপূর্ণ চরিত্রে নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলেন, আমি সবসময় প্রতিষ্ঠিতদের নিয়ে বেশি কাজ করি। এবার সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। তৌসিফের সঙ্গে নতুন একজন মুখ থাকছেন। পাশাপাশি আরও অনেক পরিচিত শিল্পীও থাকবেন। এটি একটি রোমান্টিক মিথোলজিক্যাল থ্রিলার। অনেকে প্রশ্ন করেন, কেন আমি বেশি সাসপেন্সের গল্পে কাজ করি। আমি মনে করি, আমাদের জীবনটাই আসলে সাসপেন্সে ভরা। প্রতিদিন নানা ঘটনার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এজন্য এসব গল্প আমাকে বেশি টানে।’

‘প্রাণভোমরা’র কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারসহ জনপ্রিয় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে।

নিজের চরিত্র ও নতুন সহশিল্পী প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘আমি সবসময় ভালো কাজের সুযোগের সন্ধানে থাকি। ভিকি ভাইয়ের কাজের সুযোগ মিস করতে চাই না। পাশাপাশি আমি সবসময় নতুনদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। নতুনদের মধ্যে ভালো কাজের প্রচ্ল ক্ষুধা থাকে। আমিও একসময় নতুন ছিলাম। নতুন অভিনেত্রী শ্রেয়া কাজ করছেন, বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখছি। অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী হতাশায় আছেন, যারা সুযোগ পাচ্ছেন না। আমি আমার জায়গা থেকে একটু হলেও অবদান রাখতে চাই। চ্যানেল আইকে ধন্যবাদ, তারা নতুনদের সুযোগ দিচ্ছে।’

এদিকে ‘প্রাণভোমরা’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে পা রাখছেন শ্রেয়সী শ্রেয়া। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রথম ওটিটি অভিষেক হতে যাচ্ছে। আজীবন চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ থাকব। তৌসিফ ভাইয়ের সঙ্গে পর্দা ভাগ করে নেয়ার সুযোগ পাওয়া আমার জন্য বড় পাওয়া। অভিনেতার বাইরে তিনি একজন মোটিভেটরও। মিডিয়ায় আসার আগে থেকেই ভিকি ভাইয়ের ভিন্নধর্মী কাজের ভক্ত ছিলাম। এই কাজের জন্য গ্রুমিং ও প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছি। এখন আমার জীবনযাপনও পুরোপুরি বদলে গেছে। প্রচুর পড়াশোনা করতে হচ্ছে। অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও চর্চা করছি। এত বড় একটি সুযোগের মর্যাদা রাখতে পারি, সেই চেষ্টা করছি।’

আগামী অক্টোবর মাসে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ হওয়ার পর খুব শিগগিরই আইস্ক্রিনে ‘প্রাণভোমরা’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Share: