ফেনীর ছাগলনাইয়ায় নবজাতক ছেলেসন্তান জন্মের মাত্র তিন দিনের মাথায় আবদুল হালিম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হালিম ওই এলাকার আমির হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে ছাগলনাইয়ার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে হালিমের স্ত্রী একটি ছেলেসন্তানের জন্ম দেন। স্ত্রী ও নবজাতক হাসপাতালে থাকলেও চিকিৎসার বকেয়া বিল পরিশোধ করে তাদের বাড়িতে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য ছিল না হালিমের। এ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন বলে জানিয়েছে পরিবার।
রোববার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন হালিম। পরদিন সকালে পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আবদুর রউফ জানান, হাসপাতালের চিকিৎসা ব্যয় ও স্ত্রী-সন্তানকে বাড়িতে ফিরিয়ে আনার খরচ জোগাড় করতে না পারায় হালিম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আর্থিক অনটন নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন বলেও জানান তিনি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের জানান, আর্থিক সংকটসহ বিভিন্ন মানসিক চাপের কারণে হালিমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।